ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন

ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন লেখেন, ‘গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মাছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন। যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে। তারা কি কারণে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সাথে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়।’

তিনি আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’

নিজের ভেরিফায়েড আইডিতে করা পোস্টের প্রায় ১ ঘন্টা পর আবারও একটি স্ট্যাটাস দেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মাছুমের গোপন বৈঠকের তথ্যটি শতভাগ সত্য।’