কুড়িগ্রামের চিলমারীতে দেড় কোটি টাকার ব্যয়ে নির্মিত একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে গিয়ে সড়ক নির্মাণের বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহার করতে দেখা গেছে।
তাছাড়া চলতি বছরের ১৩ জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ চলমান রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের খোয়া ব্যবহার ও বালুর পরিবর্তে ইটের গুঁড়া ব্যবহার করতে দেখা যায়। এসময় রাস্তার দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামে ব্যক্তি বলেন, ‘আসলে সব জায়গায় যে খারাপ তা নয় ভালো খারাপ মিশ্রণ আছে।’
স্থানীয় মহুবর রহমান জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনিয়ম করে আসছে। দিনের পর দিন কাজ ফেলে রাখায় আমাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করায় রাস্তা তো বেশি দিন টিকবে না।
এলজিইডি বিভাগ জানায়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GRRIIP) এর আওতায় সড়ক উন্নয়ন করণ কাজ বাস্তবায়ন প্রকল্পে উপজেলার থানাহাট ইউপি অফিস-ব্যাপারীর হাট সড়ক (চেই. ৯৫০ - ২৩৫০ মি.) উন্নয়ন করণের আওতায় এক কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭১৭ টাকা ব্যয়ে কাজ করছেন ‘বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড’ নামে একটি টিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণে মেয়াদ ছিল চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত। তবে মেয়াদ শেষের পর প্রায় চার মাস হতে চললেও কাজ শেষ হয়নি।
সড়ক নির্মাণে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়ে জানতে চাইলে চিলমারী উপজেলা উপ-প্রকৌশলী আতাউর রহমান বলেন, ‘বালুর জায়গায় ডাস্ট দিয়ে রাস্তা খারাপ করেছে। ডাস্ট যেটা দেওয়া হয়েছে সেটা রিমুভ (সরানো) করানো হবে।’
এদিকে নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারা ও সড়ক নির্মাণে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে চিলমারী উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জগবন্ধু রায় বলেন, সরেজমিন না দেখে কিছু বলা যাবে না। সরেজমিনে দেখে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।