গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার ও রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ আরও এক যুবক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
মারা যাওয়া দুজন হলেন কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) ও গেদু বাড়ৈয়ের ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)। অসুস্থ অপর যুবকের নাম অনিল বাড়ৈ (৪৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল একসঙ্গে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মনোতোষ হালদারের মৃত্যু হয়। রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৃষ্ণকান্ত বাড়ৈ।
কৃষ্ণকান্ত বাড়ৈয়ের ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর কৃষ্ণকান্ত অসুস্থ হয়ে পড়েন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি।
মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, ডেকোরেটরের কাজ করতে গিয়ে তার ভাই কিছু পান করেছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।