গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে হাতুড়ি দিয়ে মিনারের একটি পিলারের টাইলসসহ কিছু অংশ ভেঙে ফেলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
এদিকে ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর আহসান হাবীব একটি লাইভ ভিডিওতে শহীদ মিনারে উঠে অবমাননাকর বক্তব্য দেন এবং মিনারটি ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় কর্তৃপক্ষ ১৯ অক্টোবর গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। রোববার থানার তদন্ত কর্মকর্তা ইনস্টিটিউটে গিয়ে বিষয়টি তদন্ত করেন।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাত করার পর, সোমবার সকালে তিনি আরও উগ্র আচরণ করেন এবং পরে দুপুরে দিকে ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আহসান হাবীবের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।