নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন অটোরিকশাচালক আহত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর খেয়াঘাট সংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলো মো. বিল্লাল হোসেন (২৩), সিয়াম (১৯), আজিম (৩৫), রুবেল (৪৮), আলী (৪৫), সোহাগ (২৫), ইয়াসিন (২৮), মাকসুদা বেগম (৩৫), মো. জুনায়েদ (২৫), শাহিদুল ইসলাম শাহিন (৪০), সাগর (৩০), পাপ্পু (৩০), নাজমুল (২২), লিংকন (৩৩)।
আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী তুলছিলেন বন্দর-নবীগঞ্জ রুটের অটো রিকশাচালকরা। এ সময় স্থানীয় অজিতের নেতৃত্বে অপর পক্ষের কয়েকজন চালক এসে তাদের ওই স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দেয় এবং নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আহত চালক মো. জুনায়েদ জানান, সকালে আমরা নিয়ম অনুযায়ী খেয়াঘাট থেকে যাত্রী তুলছিলাম। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। তাদের কথা না শুনে যাত্রী তোলা অব্যাহত রাখলে তারা আমাদের ওপর হামলা চালায় ও মারধর করে। ঘটনার পর থেকে বন্দর-নবীগঞ্জ এবং বন্দর-চৌধুরী বাড়ি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অটোরিকশা চালকরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয়পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।