স্বামীর এক থাপ্পড়ে প্রাণ গেল গৃহবধূর

পারিবারিক তুচ্ছ বিরোধের জেরে স্বামীর দেওয়া সজোরে একটি থাপ্পড়ের আঘাতে পূর্ণিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ নতুন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে স্ত্রী পূর্ণিমা খাতুনের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাশেদুল পূর্ণিমাকে লক্ষ্য করে সজোরে চড় মারেন। সেই আঘাতের পরপরই তিনি শারীরিকভাবে নিস্তেজ ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি বেগতিক দেখে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে (২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল) নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক রিকো তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়ামাত্রই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।