মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান

একজন মুক্তিযোদ্ধাকে দাফন করতে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এ কাজের পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য সমর্থন পাবেন না।

তিনি আরও বলেন, আমাদের সামনে যে তথ্য সামনে এলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিক্যাল পার্টি এটার সঙ্গে ইনভলভ হয়ে কাজগুলো করেছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি এটার কনসিকুয়েন্স তারা ফিল করবে।

অতীতের একটি ঘটনার উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাদের মরদেহের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল। তখন ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি।

তিন বলেন, একটা মানুষ যখন মারা যান, তখন আসলে তিনি এই অধিকার রাখেন। তিনি মারা গেছেন এবং তার বিচার পরবর্তীতে সৃষ্টিকর্তার কাছে হবে।

তিনি আরও বলেন, এইখানে যারা এই কাজগুলো করেন, তারা আসলে সমাজে আলটিমেটলি নিন্দিত হবেন। সমাজে তারা তাদের প্রশংসা বা কোনোভাবেই এটার থেকে সমর্থন পাবেন না।