ইসরায়েলের নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, গ্রেপ্তার ৩

ইসরায়েলের নির্বাচনে অর্থের বিনিময়ে আরব রাজনৈতিক দল রা’আমের পক্ষে ভোট কেনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের সেগেভ শালোম ও আরআরা বেনেগেভ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, নির্বাচনের আগের দিন ভোটারদের রা’আম পার্টির পক্ষে ভোট দিতে ঘুষ দেওয়ার চেষ্টা করছিলেন তারা। ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা আগেই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। তবে কোনো ভোটকেন্দ্রের কাছাকাছি বা ভোট দিতে আসা লোকজনের পাশে তাদের পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আনুষ্ঠানিক তদন্তের দাবি করেছেন। তিনি বলেছেন, সন্দেহভাজনদের কাছে নগদ টাকাভর্তি খাম এবং রা’আম নেতা মানসুর আব্বাসের জন্য নির্ধারিত ব্যালট পাওয়া গেছে। একইসঙ্গে নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় তিনি ভোটারদের লিকুদ পার্টির পক্ষে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন।

রা’আম পার্টি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। দলটির দাবি, তাদের কর্মীদের কোনো অনিয়ম হয়নি। বরং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নিয়ন্ত্রণাধীন পুলিশ আরব সমাজের ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তারা।

পুলিশ জানায়, সন্দেহভাজনদের বাড়ি থেকে কয়েক হাজার ইসরায়েলি শেকেল ভর্তি বেশ কয়েকটি খাম জব্দ করা হয়েছে। একই সাথে তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু নোট ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজনকে বর্তমানে দক্ষিণাঞ্চলীয় জেলার জালিয়াতি তদন্ত ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবারই আদালতে তোলার কথা রয়েছে।