উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যার অভিযোগে মুজুরিজি মোসেস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মাসাকা ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি মোসেসকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়ংকর খুনি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তার প্রকাশ্যে বিচারের কথা বলেন।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে পুরো পরিবারকে লক্ষ্যবস্তু করা হতো। রাতের বেলায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে বাসিন্দাদের ওপর হামলা চালানোর অভিযোগও রয়েছে।
একটি ঘটনায় এক পেন্টেকস্টাল যাজকের পরিবারের সদস্যদের হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে মানুষকে ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে মোসেসের বিরুদ্ধে।
এর আগে কয়েকবার গ্রেপ্তার হলেও তিনি পালিয়ে যেতে বা মুক্তি পেতে সক্ষম হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক গ্রেপ্তারের পর মোসেসের সঙ্গে পুরোনো হত্যাকাণ্ড ও দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।