মুন্সিগঞ্জে ৩ স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই নারী আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। এ সময় দুই নারী বিভিন্ন কথা বলে তাদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা এক শিশুর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে দুই নারীকে আটক করে পুলিশে দেন।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, ‘দুই নারী টাকার লোভ দেখিয়ে শিশুদের নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে দ্রুত গিয়ে শিশুদের উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাদের আটক করে পুলিশে দিই।’

পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, ‘বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিজেদের মধ্যে আলোচনাও করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।’

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’