পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, এবার সিভিল জজ হতে চান বিউটি

শারীরিক সীমাবদ্ধতা জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের বিউটি খাতুন। জন্ম থেকেই দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এখন বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হওয়ার মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা করতে চান তিনি। 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রত্যন্ত শিবপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম বিউটি খাতুনের। জন্ম থেকেই দুই হাত না থাকায় প্রথমে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা। তবে সব প্রতিকূলতা পেরিয়ে অদম্য ইচ্ছাশক্তির জোরে আজ উচ্চশিক্ষিত হয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ থেকে পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন বিউটি। একে একে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সম্প্রতি সেখান থেকে সাফল্যের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। পা দিয়ে সুন্দরভাবে লেখার পাশাপাশি পায়ের সাহায্যে সংসারের যাবতীয় কাজও অনায়াসে করতে পারেন বিউটি।

শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে পরিবার, সমাজের বিত্তবান ব্যক্তি ও শিক্ষানুরাগীদের কাছ থেকে সহায়তা পেয়েছেন বিউটি। তিনি জানান, শৈশব থেকে নানা প্রতিবন্ধকতা ও মানুষের কটু কথা সহ্য করে আজকের অবস্থানে পৌঁছেছেন। কারও দয়ার ওপর নির্ভর করে নয়, বরং নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আত্মনির্ভরশীল হতে চান তিনি।