পুতিন ও জেলেনস্কির বৈঠক ‘খুব শিগগিরই’ হবে: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির অংশগ্রহণে একটি বৈঠক ‘খুব শিগগিরই’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে পুনরায় বিমান হামলা চালানোর সম্ভাবনাকেও উড়িয়ে দেননি তিনি।

বুধবার (২৮ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টেক্সাসে নির্বাচনী প্রচারণা শেষে এয়ার ফোর্স ওয়ানে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দুটি যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি রাশিয়ার সঙ্গে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা অনেক অগ্রগতি করছি। খুব শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে।’

বৈঠকে কারা উপস্থিত থাকবেন জানতে চাওয়া হলে স্থান, সময় বা রূপরেখা সম্পর্কিত তথ্য না দিয়েই ট্রাম্প উত্তরে বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি।’

ইচ্ছুক পক্ষগুলোর মধ্যে ইতিপূর্বে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবি এবং জেনেভায় তিন দফায় মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি বৈঠক নজিরবিহীন ঘটনা।

অন্যদিক ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে চায় তবে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত তারা আলোচনা পিছিয়ে দিচ্ছে। তিনি বলেন, ‘আমি মনে করি ইরানের সঙ্গে আমরা খুব ভালো অবস্থানে আছি। প্রশ্ন হলো, আমি এটি কখন শেষ করতে চাই?’

নির্বাচনের পর ইরানে অতিরিক্ত মার্কিন হামলার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প স্পষ্ট কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘যেকোনো কিছুই সম্ভব, তবে আমি আপনাদের তা বলতে পারছি না।’

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরান ভূখণ্ডে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়, যা একটি যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির সমঝোতা সত্ত্বেও এখনো সুরাহা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি