‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাদ্যাভ্যাস নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর করা মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন তোলার বিপরীতে জুলাই অভ্যুত্থানের পর সংশ্লিষ্টদের রাতারাতি বিলাসবহুল জীবনযাপন, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে পাল্টা তোপ দাগেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

প্রধানমন্ত্রীর খাদ্যাভ্যাস নিয়ে হাসনাত আবদুল্লাহর অভিযোগের জবাবে হামিম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ছেলেবেলা থেকেই পারিবারিকভাবে মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত। তিনি বলেন, এ দেশের সিংহভাগ মানুষ নিম্ন আয়ের হওয়ায় সাধারণের বাস্তবতা উপলব্ধি করতে হলে তাদের মতো করেই ভাবতে হয়; ১৫০ টাকার খাবার খেয়েও সঠিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। উল্টো হঠাৎ জীবনযাত্রার মান পরিবর্তনের মোহে পড়ে দুর্নীতিগ্রস্ত মানসিকতা থেকেই দেশবিরোধী সিদ্ধান্ত আসার শঙ্কা থাকে, যা এনসিপির কর্মকাণ্ডেই দৃশ্যমান।

অভ্যুত্থান-পরবর্তী আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতা দাবি করেন, আন্দোলনের আগে যারা সাইকেলে যাতায়াত করতেন কিংবা সাধারণ বাটা জুতো কেনার সামর্থ্য রাখতেন না, অভ্যুত্থানের মাত্র তিন দিন পর থেকেই তারা ক্যাম্পাসে প্রাডো গাড়িতে চড়া এবং দামি ‘এয়ার জর্ডান’ জুতো পরে ঘোরা শুরু করেন। একই সঙ্গে আবাসিক হলের সাধারণ খাবার খেতে যাদের বেগ পেতে হতো, তারাই পটপরিবর্তনের পরপর পাঁচ তারকা হোটেলে বসে কফি পান করছেন বলে উল্লেখ করেন তিনি।

বন্যার ত্রাণ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে হামিম পোস্টে আরও লেখেন, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কারা সহায়তা তহবিল তছরুপ করেছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। নিজের মাসিক খরচ চালাতে হিমশিম খাওয়া ব্যক্তিরা অভ্যুত্থানের পর একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন এবং নিজেদের সহকারী একান্ত সচিবকে (এপিএস) ৪০০ কোটি টাকার মালিক বানিয়েছেন—এমন দুর্নীতির কথাই এখন জনগণের মুখে মুখে ঘুরছে।

আন্তর্জাতিক প্রেক্ষাপট টেনে হাসনাতের উদ্দেশে তিনি লেখেন, সার্বিয়া ও নেপালে অভ্যুত্থানের পর ছাত্রনেতৃত্বাধীন প্ল্যাটফর্মকে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় বেছে নিয়েছিল জনগণ। কিন্তু অনিয়ম ও দুর্নীতির কারণেই দেশের জাতীয় নির্বাচনে তাদের প্রত্যাখ্যাত হয়ে লাল কার্ড দেখতে হয়েছে। এ কারণে ভবিষ্যতে সমালোচনা করার ক্ষেত্রে বাস্তবতাবোধ ও যৌক্তিকতা বজায় রাখার পরামর্শ দেন এই ছাত্রদল নেতা।

উল্লেখ্য, এর আগে এক বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকার খাবার খাওয়ায় পুষ্টিহীনতায় ভুগে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন।