নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বাবা ও তার চার বছর বয়সী ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন গাইবান্ধার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল। শফিকুল পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওডালা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ও তার ছেলে বিপুল ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আরও চারজন আহত হন।
এসআই শফিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হলেও যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।