বিচ্ছেদের এক দশক পেরিয়ে গেলেও সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। দুই সন্তানের অভিভাবক হিসেবে তাদের মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার সুজানের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। বার্তায় সুজানের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানানোর পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
গত সোমবার (২৬ অক্টোবর) ছিল সুজানের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে না পারলেও দুই দিন পর ইনস্টাগ্রামে সাবেক স্ত্রীকে শুভেচ্ছা জানান হৃতিক। পোস্টে সুজানের বেশ কয়েকটি ছবি যুক্ত করে তার জীবনের নানা দিকের প্রশংসা করেন অভিনেতা।
হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এই শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সুজান।’
সুজানের জীবনসংগ্রাম ও ব্যক্তিত্বের প্রশংসা করে হৃতিক বলেন, ‘আমার প্রত্যাশা, এই বছর তোমার জীবনে যেন সেই ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরি মুহূর্তগুলো ফিরে আসে, যা তুমি নিঃসংকোচে ও সুন্দরভাবে তোমার চারপাশের মানুষদের দিয়ে থাকো। তুমি যেভাবে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছ, তা নিয়ে আমি গর্বিত। সত্যিই, তোমার মধ্যে মায়ের চেতনা বেঁচে আছে।’
দুই ছেলে রে ও রিদজের মা হিসেবে সুজানের ভূমিকার কথাও তুলে ধরেন হৃতিক। তার ভাষ্য, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’
সুজানের পেশাগত সাফল্য কামনা করতেও ভোলেননি হৃতিক। তার ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’ যেন বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা জানিয়ে তিনি সুজানের আরও সাফল্য কামনা করেন।
বার্তার শেষাংশে সাবেক স্ত্রীকে আশ্বস্ত করে হৃতিক লেখেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’
হৃতিকের এই বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজানও। মন্তব্যে তিনি হৃতিককে ধন্যবাদ জানিয়ে দুই ছেলে রে ও রিদজের অভিভাবক হিসেবে তাদের যৌথ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি হৃতিক, তার বর্তমান প্রেমিকা সাবা আজাদ, সুজান এবং তার প্রেমিক আরসলান গনিসহ সবার জীবনে আরও সুখ ও আনন্দ আসুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, প্রায় ১৪ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১৪ সালে আলাদা হয়ে যান হৃতিক রোশন ও সুজান খান। তাদের দুই ছেলে রয়েছে। বিচ্ছেদের পর হৃতিকের সঙ্গে অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে সুজান সম্পর্কে রয়েছেন অভিনেতা আরসলান গনির সঙ্গে। তাদের সম্পর্কের খবর ২০২২ সাল থেকে আলোচনায় আসে।