ফুটবল মাঠে উত্তেজনার মুহূর্তে মুখ ঢেকে কথা বলার অভ্যাসই কাল হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি।
বুধবার এক শুনানিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সান্তোস ক্লাব চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।
ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান লিগের ৩২তম রাউন্ডে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচের সময়। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান নেইমার। সেই মুহূর্তে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় ‘ভিনি জুনিয়র আইন’ বা প্রটোকল ভঙ্গের অভিযোগে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী, লাল কার্ড দেখার পরও ক্ষ্যান্ত হননি নেইমার। প্রতিপক্ষ ফুটবলার নেস্তরের মুখোমুখি হতে তিনি বাহিয়ার বেঞ্চের দিকে তেড়ে যান, যা মাঠে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি করে। ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারা অনুযায়ী ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। শৃঙ্খলা কমিটি জানায়, ফিফার শৃঙ্খলাবিধির ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছেন তিনি। মূলত মাঠে বর্ণবাদী মন্তব্য বা আপত্তিকর কথাবার্তা মুখ ঢেকে আড়াল করার প্রবণতা রোধ করতেই এই কড়া নিয়ম রাখা হয়েছে।
সরাসরি লাল কার্ড পাওয়ার কারণে এমনিতেই এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ছিল নেইমারের। নতুন করে পাওয়া দুই ম্যাচের শাস্তির ফলে সেই নিষেধাজ্ঞার সঙ্গে আরও একটি ম্যাচ যোগ হয়েছে। সবমিলিয়ে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড।
এই শাস্তির কারণে নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতির পরেও দলের এক রাউন্ড ম্যাচ মিস করতে হবে তাঁকে। তবে সান্তোস কোচ কুকা আশা করছেন, লিগের একদম শেষ তিন রাউন্ডে দলের গুরুত্বপূর্ণ এই তারকাকে আবার মাঠে পাওয়া যাবে।