শ্রেণিকক্ষে অনৈতিক কাজ, পালালেন মাদ্রাসা পরিচালক

নেত্রকোনার বারহাট্টায় ১৪ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার মুহতামিম (পরিচালক) মাওলানা কবির আহমেদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসার শ্রেণিকক্ষে ঐ কিশোরীকে মুহতামিমের সঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হয় কয়েক জন যুবকের। পরে তারা মাদ্রাসার ভেতর প্রবেশ করলে মুহতামিম ও কিশোরী দুই জন দুই দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কনডম পড়ে থাকতে দেখার কথাও জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বারহাট্টা থানা পুলিশ। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার সভাপতি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মুহতামিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বৈঠকের মাধ্যমে মুহতামিমকে মাদ্রাসা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’ সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন।