বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফসহ চারজনের রায় আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলার চার আসামিই বর্তমানে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। হানিফ ছাড়া মামলার অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্দেশনার মাধ্যমে তৃণমূল পর্যন্ত ছাত্র-জনতার ওপর দমনপীড়ন চালানো হয়েছিল। কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডে আসামিদের উসকানি, নির্দেশ ও প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণাদি, টেলিফোন কথোপকথনের অডিও এবং দালিলিক সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন আশা করছে, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হানিফসহ সব আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।

মামলার নথিপত্রে আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে—আন্দোলন দমনে উসকানিমূলক রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন, ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়া এবং ছয় আন্দোলনকারীকে হত্যার দায়।

তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া পেরিয়ে বহুল আলোচিত এ মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হচ্ছে।