সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের নিক্ষিপ্ত একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝআকাশে ভূপাতিত ও ধ্বংস করা হয়েছে বলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আল জাজিরা লাইভে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বে জারি করা সতর্কতা তুলে নিয়ে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ও নাজরান প্রদেশে ‘বিপদ কেটে গেছে’। সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও চিত্র ধারণ করা এবং তা প্রচার করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
এ ধরনের প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা আইনি ব্যবস্থার মুখে পড়তে পারেন বলে সিভিল ডিফেন্স সতর্কবার্তায় উল্লেখ করে।
এর আগে যেকোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে নাজরান প্রদেশ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বিশেষ সতর্কবার্তা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। সেই সময় নাগরিকদের দ্রুত ‘নিকটস্থ নিরাপদ স্থানে’ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
সূত্র: আল জাজিরা