ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালির পূর্বে একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির বরাতে আইএসএনএ জানায়, বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে। হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক উপকূলের বিপরীতে আকাশে এ ঘটনা ঘটে।
আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা এমকিউ-১ ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। তবে সর্বশেষ ড্রোনটি কে পরিচালনা করছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি বাহিনীটি। এমকিউ-১ যুক্তরাষ্ট্রের তৈরি চালকবিহীন আকাশযান।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কা বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিতে উপসাগরীয় আরব দেশগুলোকে বলেছে ওয়াশিংটন।
প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনের পর বড় ধরনের হামলার দিকেই তিনি ঝুঁকছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কার্যত চলাচল বন্ধ হয়ে যায়।
যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই উদ্যোগ ভেস্তে যায়।