এক সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড সাদমানের 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই দুই রান নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ওপেনার। এই এক সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড গড়েছেন সাদমান।

ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে দীর্ঘ ১৭ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন সাদমান। এর আগে দুটি শতকই পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে হারারেতে এবং ২০২৫ সালে চট্টগ্রামে। ১১ চারে ২৩৪ বলে ১০৫ রান করে আউট হন এই টাইগার ওপেনার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরি সাদমানকে বাংলাদেশের টেস্ট ওপেনারদের রেকর্ডের তালিকায় আরও এগিয়ে দিয়েছে। ওপেনারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ৭০ টেস্টের ১৩৩ ইনিংসে তার সংগ্রহ ৫ হাজার ৯৫ রান। এবার জাভেদ ওমরকে পেছনে ফেলে এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাদমান।

মিরপুর টেস্ট শুরুর আগে ৩১ ম্যাচের ৫৯ ইনিংসে সাদমানের রান ছিল ১ হাজার ৫৭৮। সেঞ্চুরিসহ প্রথম ইনিংসে ১০৫ রান করায় তার মোট রান বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩। তাতে ছাড়িয়ে গেছেন জাভেদ ওমরকে, যিনি ৪০ টেস্টের ৭৮ ইনিংসে করেছিলেন ১ হাজার ৬৭৮ রান।

সেঞ্চুরির হিসাবেও তামিমের পরেই এখন সাদমানের অবস্থান। টেস্টে তামিমের সেঞ্চুরি ১০টি। এত দিন দুটি করে সেঞ্চুরি নিয়ে পরের অবস্থানে ছিলেন সাদমান, মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েস। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় শতক তুলে নিয়ে জয় ও ইমরুলকে পেছনে ফেলেছেন তিনি।