তাইজুল-মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনে খেলায় ফিরলো বাংলাদেশ 

হতাশা দিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় শুরু করে বাংলাদেশ। প্রথম দুই সেশনে সুবিধা করতে পারেনি টাইগাররা। তবে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনে খেলায় ফিরেছে স্বাগতিকরা। ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন ১৩৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তেজনারায়ণ চন্দরপলকে নিয়ে ৬১ রানের জুটি গড়লেন ক্যাম্পবেল। শেষ সেশনে দলীয় ৯০ রানে ৭৮ বলে ৫৪ রান করা ক্যাম্পবেলকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। 

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন তাইজুল। কেভম হজ ৭ ও ব্রান্ডন কিং ১৫ রান করে সাজঘরে ফিরে যান। আলোকস্বল্পতায় প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের খেলাও শেষ হয়েছে আগেভাগে। তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রেভস ১৫ রানে অপরাজিত আছেন।