এশিয়া কাপ আর্চারিতে আরও এক সোনা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী বিভাগে একক ইভেন্টে বাংলাদেশ সোনা এনে দিয়েছেন বন্যা আক্তার। এই নিয়ে মোট তিনটি সোনা জিতলো বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে কাজাখস্তানের মিলানাকে হারিয়ে ব্যক্তিগত স্বর্ণপদক অর্জন করেন বন্যা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনালের নির্ধারক পঞ্চম এন্ডে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বন্যা। ১৪৫-১৪৩ পয়েন্ট ব্যবধানে মিলানাকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন বাংলাদেশের এই আর্চার।
এশিয়া কাপ ও বিশ্ব র্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে প্রথম স্বর্ণের দেখা পায় বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বর্ণ এনে দেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি।