দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের গ্রন্থাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশনা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই নিয়েও একই কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের চিঠিতে।
বই তিনটি হলো— মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’।
মন্ত্রণালয়ের নথি বলছে, গত ২৭ সেপ্টেম্বর তিনটি বই রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে গত ১৮ অক্টোবর আগের আদেশটি বাতিল করে স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-২ শাখা) সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম সই করা চিঠিতে বলা হয়, ‘২৭ সেপ্টেম্বরের জারিকৃত বই ক্রয়সংক্রান্ত পত্রটি বাতিল করা হল।’
এর আগে ২৭ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের আদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের লাইব্রেরিতে তিনটি বই কেনা ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে কোনো মন্তব্য করেননি স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল।
অন্যদিকে, বাতিলের কারণ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ. ন. ম. বজলুর রশীদও কোনো মন্তব্য করেননি। বিষয়টি যাচাই করে রোববার জানাবেন বলে জানিয়েছেন তিনি।