রংপুর

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে বাসের ধাক্কা, হেলপার নিহত, আহত ২৫

রংপুরের তারাগঞ্জের ইকরচালীতে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে দুর্ঘটনাকবলিত বাসের হেলাপার এনামুল হক (২৭) নিহত হয়েছে। তাছাড়া অন্তত ২০ থেকে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তারাগেঞ্জের ইকরচালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা।

নিহত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় । নিহত এনামুল হকের মরদেহ বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে তারাগেঞ্জের ইকরচালি বাসস্টান্ডে ‘এ আর ট্রাভেলস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে বাস থেকে ছিটকে পড়েন বাসটির হেলপার এনামুল হক (২৭)। বাসের চাকায় পিষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সৈকত আলী বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা দেয়। বিকট শব্দে আমরা ছুটে এসে দেখি বাসের চাকায় পিষ্ট হয়ে একজন সড়কে পড়ে ছিল। বাসে অনেক যাত্রী ছিলেন। বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনকে তারাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রংপুর মেডিকেলসহ পাঠানোসহ বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। তাদের তারাগঞ্জ উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।