সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীও নতুন পে-স্কেলে বেতন ও ভাতা পাবেন। তাদের বেতন হবে চুক্তিভিত্তিক নিয়োগের আগে যে গ্রেড থেকে অবসর নিয়েছেন, সে গ্রেডে। তবে নির্ধারিত এই বেতন থেকে গ্রস পেনশন বা বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া যাবে। পাশাপাশি বছর শেষে তারা ইনক্রিমেন্ট পাবেন না।
এসব নিয়ম চূড়ান্ত করে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তিভিত্তিক চাকরিজীবীদের নতুন কাঠামো অনুযায়ী বেতনও গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতনকাঠামো-২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব চাকরিজীবীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
তবে এ জন্য চুক্তি সংশোধন করতে হবে জানিয়ে বলা হয়েছে, সে ক্ষেত্রে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্ধারিত বিধান অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তিতে উল্লেখ থাকা প্রযোজ্য ভাতা পাওয়া যাবে। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাওয়া যাবে না।
অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে নতুনটি জারি করা হয়েছে।
সরকারি চাকরিতে কতজন চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন, তার হালনাগাদ তথ্য জানা যায়নি। তবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন শ্রেণিতে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারী মিলিয়ে ৭ হাজার ৯৮০ জন কর্মরত ছিলেন।
গত ১ জুলাইয়ের পর যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাদের অবসরের ঠিক আগে জাতীয় বেতনকাঠামোতে যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতনকাঠামোতে সেই গ্রেড ও ধাপ অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি সংশোধন করতে হবে।
চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে তারা নির্ধারিত নিয়মে বর্ধিত হারে বেতন ও চুক্তিতে উল্লেখ থাকা ভাতা পাবেন। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা উভয়পক্ষের সম্মতিতে চুক্তিতে উল্লেখ করা বেতন কার্যকর হতে পারে।
পেনশন ঠিক থাকবে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন বাদ দেওয়া যাবে না। এককালীন অর্থ গ্রহণ বা পেনশন সমর্পণের আগের পরিমাণ এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে সেটিও বিবেচনায় থাকবে।
তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে নতুন করে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক বা পেনশন বৃদ্ধির সুবিধা দেওয়া হবে না।
অন্যদিকে যারা সরকারি চাকরি থেকে অবসর নেননি, তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত যোগ্যতা ও গুণাগুণ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। এরপর সে অনুযায়ী চুক্তি সম্পাদন করতে হবে।
নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন আগের আদেশ ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল হবে। তবে নতুন নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ নির্দেশনাগুলো বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে সরকার ভবিষ্যতে নতুন কোনো আদেশ জারি করলে সেটিও প্রযোজ্য হবে।