মেয়াদ শেষের ৯ মাস আগেই সরে দাঁড়াচ্ছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকপ্রধান

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ৯ মাস আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ। আগামী ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইসিবির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইউরোজোনের সুদের হার নির্ধারণ নিয়ে ইসিবির গভর্নিং কাউন্সিলের বৈঠকের সময় লাগার্দের পদত্যাগের বিষয়টি সামনে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় লাগার্দ বলেন, ইসিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য ছিল ‘গর্বের ও বিশাল সম্মানের’ বিষয়।

লাগার্দের পরবর্তী গন্তব্য হতে পারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।

তার আগাম বিদায়ের মধ্য দিয়ে ইসিবির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো।

সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন নেদারল্যান্ডসের সাবেক কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ক্লাস নট, স্পেনের ব্যাংকার পাবলো হার্নান্দেজ দে কোস, জার্মানির কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ইয়োয়াখিম নাগেল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্ট নাদিয়া কালভিনো। ইউরোপীয় কাউন্সিল ইসিবির প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে থাকে।

২০১৯ সালের শেষ দিকে ইসিবির দায়িত্ব নেন লাগার্দ। তার মেয়াদে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে।