সাংবাদিকের প্রশ্নে চটে ট্রাম্প বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের জবাব না দিয়ে ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। সাংবাদিককে ‘অসুস্থ’, ‘জঘন্য’ ও ‘দেখতে ভয়াবহ’ বলার পাশাপাশি নিজের শরীরের যত্ন নেওয়ার পরামর্শও দেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার স্থানীয় সময় (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে।

সম্প্রতি কানসাস ও আইওয়ায় পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্তের পর ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। টানা কয়েক সপ্তাহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালানোর পর অসুস্থ বোধ করায় তিনি কানসাস সফর বাতিল করেছেন কি না, তা জানতে চান সাংবাদিক।

প্রশ্ন শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’

সাংবাদিক স্পষ্ট করেন, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে জবাব দেওয়ার পরিবর্তে ট্রাম্প ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করতে থাকেন। একপর্যায়ে তার কথা বলার ভঙ্গিও নকল করেন।

ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’

এরপর সাংবাদিক আবারও প্রেসিডেন্টের সুস্থতা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তার স্বাস্থ্য ভালো আছে। তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’

পরে সাংবাদিককে উদ্দেশ করে আরও ব্যক্তিগত মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’

কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত ঘিরেই মূলত ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দুই রাজ্যেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে রয়েছেন রিপাবলিকান প্রার্থীরা।

সূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনায় এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’ তবে ওই রাজ্যে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। সমাবেশ বাতিলের কারণ এবং প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্নের জেরে সাংবাদিকের সঙ্গে ট্রাম্পের এমন আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: গলফ নিউজ