বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের কাছের মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সংস্থাটি। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।
পিবিআই জানায়, তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা নিশ্চিত করতে যাচাইবাছাই চলছে।
গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে, তাহসিফের বাবা এনায়েতুল করিম বৃহস্পতিবার মর্গের সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।