কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার 

কুমিল্লার লাকসামে লরির চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন (৪৫) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বাটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন নাঙ্গলকোট উপজেলার মানরা গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় বাটিয়াভিটা এলাকায় পেছন থেকে আসা নোয়াখালীগামী একটি লরি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় লরির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাছাড়া লরিটি জব্দের পাশাপাশি লরিচালক ও হেলপারকে থানা হেফাজতে নেওয়া হয়।

লাকসাম হাইওয়ে থানার ওসি চন্দন কান্ত দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে, পরে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।