গাজীপুরের ২০টির বেশি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জের বিশাল এলাকায় শনিবার (৩১ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ বিভাগের কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ‘ফোর-ডি’ ফিডারে মূল রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এই কাজের সুরক্ষার তাগিদে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ‘ফোর-ডি’ ও ‘সিক্স-এফ’ ফিডারের ডাবল সার্কিট লাইন সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এর ফলে দড়িপাড়া, শিমুলিয়া, নলছাটা, পিপুলিয়া, বান্দাখোলা, চড়াখোলা, দারকাভাঙ্গা, পূণ্যেরটেক, আড়াচানখোলা, তিলেরটেক, তুমলিয়া, বোয়ালি, চুয়ারিখোলা, দূর্বাটি, নয়াবাজার, রাজনগর, সাতানিপাড়া, রাঙ্গামাটিয়া, জয়রামভের, ভেটুর, ভাদার্ত্তী (আংশিক) ও পিপড়াশৈরসহ আশপাশের বিস্তীর্ণ জনপদে দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না।

গ্রাহকদের উদ্দেশ্যে ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে যেকোনো মুহূর্তে সংযোগ পুনঃস্থাপিত হতে পারে। তাই সব গ্রাহককে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি রাখা এবং বিদ্যুৎ লাইনের আশপাশে নিরাপত্তা সতর্কতা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

সাময়িক এই বিদ্যুৎ বন্ধের কারণে গ্রাহকদের সুবিধায় বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কালীগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষ।