প্রতিপক্ষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, সাভারে যুবক গুলিবিদ্ধ

সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় লক্ষ্যভ্রষ্ট একটি গুলি প্রতিপক্ষের সঙ্গে থাকা সাইদুর রহমান (৩২) নামে এক যুবকের বাম পায়ে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়া থানার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ান (২৬) ও একই এলাকার হাফিজুর রহমানের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তাঁর সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে করে এসে রকি দেওয়ানকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।