পাবনায় সর্বহারা দলের ‘ক্যাম্প কমান্ডার’ গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের ‘ক্যাম্প কমান্ডার’ বছির মল্লিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উপজেলার আয়েনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার হাদল ইউনিয়নের আয়েনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বছির মল্লিক উপজেলার শালিকাপাড়া গ্রামের মৃত আছের মল্লিকের ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ওসি মুনজুরুল হাসান মাসুদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মুনজুরুল হাসান মাসুদ, পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও আশরাফুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আয়েনগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বছির মল্লিককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বছির মল্লিক দীর্ঘদিন ধরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার হিসেবে সক্রিয় থাকার কথা স্বীকার করেছেন। তিনি এলাকায় ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ওসি মুনজুরুল হাসান মাসুদ জানান, গ্রেপ্তার বছির মল্লিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।