ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে মজনু সরকার নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে আটক করেছে পুলিশ। ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের পরিকল্পনা চলছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরাকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠকের প্রস্তুতি চলছিল। এতে অন্তত অর্ধশত নেতাকর্মীর অংশ নেওয়ার কথা ছিল। এমন গোপন তথ্য পেয়ে গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবি পুলিশের একাধিক দল।

অভিযানের খবর পেয়ে নেতাকর্মীরা ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মজনু সরকারকে ধানক্ষেত থেকে আটক করে ডিবি। পরে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলা রয়েছে।