ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইরানের গোয়েন্দাদের কাছে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহ করার অভিযোগে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলের নিরাপত্তা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’, পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির তদন্তের পর গত সেপ্টেম্বরে ওই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে শত্রুপক্ষকে তথ্য দেওয়া এবং বিদেশি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তদন্তকারীদের দাবি, প্রায় এক বছর ধরে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে নিজের ইউনিটের কার্যক্রম, সেনাবাহিনীর অভিযানের প্রস্তুতি ও সেনাদের তলবসংক্রান্ত তথ্য দিয়েছেন অভিযুক্ত। চলতি বছর ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর তাকে তলবের বিষয়টিও এসব তথ্যের অন্তর্ভুক্ত ছিল।
অভিযোগপত্র অনুযায়ী, সামরিক ঘাঁটির অবস্থান ও স্থানাঙ্কের পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সরঞ্জাম, সামরিক যান এবং ইসরায়েলের একটি বিমানবন্দরে থাকা মার্কিন জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজের ছবি পাঠিয়েছেন তিনি।
সহকর্মী ও কমান্ডারদের গুপ্তচরবৃত্তিতে নিয়োগের চেষ্টা হতে পারে জেনেও তাদের তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে ওই সেনার বিরুদ্ধে। সামরিক সেবায় যোগদানের প্রস্তুতি নেওয়া তরুণদের একটি টেলিগ্রাম গ্রুপে প্রবেশের সুযোগও করে দেন তিনি।
কৌঁসুলিদের ভাষ্য, তথ্যের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পেয়েছেন অভিযুক্ত। তার ইরানি যোগাযোগকারী এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহারের নির্দেশ দেন এবং ফোন ও পিস্তল কিনে দেওয়ার প্রস্তাব দেন। ধরা পড়লে ব্যবহারের জন্য সাংকেতিক ভাষা ও আড়াল করার গল্পও ঠিক করেন তারা।
ইরানে যাওয়ার জন্য তাকে দুই লাখ ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। সামরিক আদালত তার আটকাদেশ ১২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। কর্তৃপক্ষ বিচার শেষ হওয়া পর্যন্ত তাকে আটক রাখতে চাইছে।
সূত্র: আনাদোলু এজেন্সি