রোগমুক্তির আশায় নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের কাছে পানিপড়া নিতে যাওয়ার উদ্দেশ্যে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে শত শত নারী-পুরুষের তীব্র ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে স্টেশনের প্ল্যাটফর্মে দূর-দূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া উপস্থিতির কারণে সাধারণ ট্রেনযাত্রীদের চলাচলে চরম ভোগান্তি ও শৃঙ্খলার বিঘ্ন ঘটছে।
সরেজমিনে স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় বিভিন্ন বয়সের নারী-পুরুষকে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ নিজের জটিল ব্যাধি, কেউ প্রতিবন্ধী সন্তানের সুচিকিৎসা, আবার কেউ ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসার অর্থ জোগাতে না পেরে শেষ ভরসা হিসেবে এই পানিপড়ার আশায় আত্রাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমবাড়ী এলাকার ক্যানসার আক্রান্ত শফিকুল ইসলাম কিংবা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আসা সুবেদ রায়ের মতো অনেকেই অন্ধবিশ্বাস ও প্রতিবেশীদের কথায় প্রভাবিত হয়ে ভিড় জমিয়েছেন।
হঠাৎ এমন জনসমাগমে প্ল্যাটফর্মে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় স্টেশনে আসা নিয়মিত ট্রেনযাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ যাত্রীদের মতে, অতিরিক্ত ভিড়ের কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রেনে ওঠানামা এবং সামগ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে স্টেশনে শৃঙ্খলা ফেরাতে কতৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরেই স্টেশনে এমন অস্বাভাবিক ভিড় তাদের নজরে এসেছে এবং আগত ব্যক্তিরা ট্রেনযোগে নওগাঁর আত্রাই যাচ্ছেন বলে স্টেশন কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন।