বিদেশের কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০৯ জন। সে হিসাবে এসব কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। বাকি ২১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিদেশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় এসব তথ্য জানানো হয়। ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

অন্যদিকে, শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে উল্লেখযোগ্য হারে। এবার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৩৪৫টি। সে হিসাবে শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।