গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে দীর্ঘ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সর্বশেষ বিকেল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিতে গেছে শ্রমিকদের।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, শনিবার দুপুরের পরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ‘ইন্টারস্টপ কারখানার’ শ্রমিকরা বের হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আশেপাশের কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসে এতে উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার শ্রমিক লাঠি হাতে মহাসড়কে বিক্ষোভ করছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, পোশাক শ্রমিকদের অবরোধের কারণে দীর্ঘ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তভাবে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।