শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন।
রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকায় কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে আসছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় রোববার সকালেও শত শত শ্রমিক কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা একটি পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান।
এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এবং বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ী জোনের ট্রাফিক পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ট্রাফিক পুলিশ বক্সে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সকাল থেকে আবারও আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।