যশোরের কেশবপুরে একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আফসার আলী গাজী কপির চারা রোপণের জন্য মাঠে যান। এ সময় কুদ্দুসের সেচ বোরিং ও ধানখেতের পাশের একটি স্থানে এক নারী ও এক পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি তাঁর ভাতিজা শহীদকে জানান। শহীদ বিষয়টি গ্রাম পুলিশ সিরাজুল ইসলামকে অবহিত করেন। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাত ৮টার দিকে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে তাঁদের পরিচয় শনাক্ত করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা হত্যার শিকার হয়েছেন। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের পাশাপাশি যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, পিবিআই কর্মকর্তা দেবব্রত হরিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্তে অংশ নেন। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।