আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রোনান সুলিভানকে নিয়ে ২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই প্রবাসী ফুটবলার।
তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগেই ছিটকে গেছেন রোনান। ফলে সাফে খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে অনুশীলনের সময় ঊরুর পেছনের পেশিতে টান লাগে রোনানের। এই চোট থেকে সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। ফলে ৫ নভেম্বর শুরু হতে যাওয়া সাফে খেলতে পারবেন না তিনি।
তবে চোট থেকে আগেভাগে সেরে উঠলে শেষ দিকের দুই–একটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে সেটি নির্ভর করবে তার পুরোপুরি ফিট হওয়া এবং বাংলাদেশ দলের শেষ দিকে পৌঁছানোর ওপর। তবে এই মুহূর্তে তার খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রোনান গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। ওই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের কোচ থমাস ডুলির নজর কাড়েন তরুণ। তবে চোটের কারণে সিনিয়র দলে তার অভিষেক আপাতত পিছিয়ে গেল।