সম্প্রতি সব ধরনের ক্রিকেটে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো পাকিস্তান। এমন সময় শ্রীলঙ্কাকে হারিয়ে ঘরের মাঠে দীর্ঘ ১৮ বছর পর ত্রিদেশীয় ওডিআই সিরিজের শিরোপা জিতেছে শাহীন শাহ আফ্রিদির দল। বিশেষ করে তরুণদের দুর্দান্ত পারফরম্যান্সে বেশ খুশি পাকিস্তানের অধিনায়ক।
শনিবার (৩১ অক্টোবর) ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে ৩২৬ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা। জবাবে ফখর জামানের আগ্রাসী শতক এবং সাদ বেগ ও আরাফাত মিনহাসের শেষের ঝড়ে ভর ৭ উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা। ২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তান কোনো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতলো।
ম্যাচ শেষে আফ্রিদি বোলারদের পরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণদের সময়োপযোগী ব্যাটিংয়ের আলাদাভাবে প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রথম তিন-চার ওভার শেষে আমরা ক্রস-সিম এবং বাউন্সার বাড়ানোর সিদ্ধান্ত নিই। জানতাম পরে রিভার্স সুইং পাওয়া যাবে এবং উইকেট নেওয়ার সুযোগ আসবে। বোলাররা সে অনুযায়ী চমৎকার কামব্যাক করেছে।’
ম্যাচ জেতাতে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আসা তরুণদের ইতিবাচক মানসিকতা আফ্রিদিকে বেশি আশাবাদী করে তুলছে শাহীন আফ্রিদিকে। তিনি বলেন, ‘তরুণদের পারফরম্যান্স সত্যিই নজরকাড়া ছিল। পিন্ডিতে প্রথম ম্যাচ থেকেই সাদ বেগ দারুণ খেলছে। ফাইনালেও ফখর যখন কঠিন সময় পার করছিল, সাদ নিজের ওপর ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক খেলেছে। ব্যাট হাতে আরাফাত ও হাসান নওয়াজের অবদানও পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ এক ইতিবাচক দিক।’
২০২৭ বিশ্বকাপের দিকে চোখ রেখে এই শিরোপা জয় দলকে ঠিক পথে রাখছে জানিয়ে পাকিস্তানের কাপ্তান বলেন, ‘তিনটি সিরিজ আগে থেকেই আমরা বিশ্বকাপ কেন্দ্রিক প্রস্তুতি শুরু করেছি। ২০০৮ সালের পর দীর্ঘ সময় আমরা কোনো ট্রাই-নেশন ট্রফি জিততে পারিনি। দীর্ঘ সময় পর এই ট্রফি জয় পুরো দলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।’