যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেছেন, চাপ যতই আসুক, এই বিষয়ে আলোচনায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের।
রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর অদম্য শক্তি এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের এই মহাকাব্যিক প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এখন মেনে নিতে হবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করতে হবে যুক্তরাষ্ট্রকেই।
নিকজাদ জানান, চাপ যতই থাকুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বলেন, এই মহান জাতি ইতোমধ্যেই এ বিষয়ে আলোচনার জন্য শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ আর ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।