রাউজানে বিদেশি পিস্তল উদ্ধার, গায়ে লেখা ‘মেইড ইন ইউএসএ’

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোবাবর (১ নভেম্বর) বেলা ২টায় রাউজান থানা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন ইউএসএ’ লেখা ছিল। এ সময় পিস্তলের সঙ্গে সংযুক্ত একটি ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।

এ ঘটনায় রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমিন বাদী হয়ে ১৮ নম্বর মামলা দায়ের করেন। অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন রাউজান থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।