ওয়ারীতে ল্যাব বানিয়ে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষ: গ্রেপ্তার মার্কিন নাগরিক

রাজধানীর ওয়ারীর একটি বাসায় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব ও বিশেষ কক্ষ তৈরি করে অপ্রচলিত সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের মূল হোতা আমেরিকান নাগরিক তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১ নভেম্বর) সকালে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার অনুসন্ধানের সূত্র ধরে ওয়ারীর ওই বাসায় অভিযান চালানো হয়েছিল। সেসময় বাসার ভেতরে ও ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে ক্যালিফোর্নিয়া থেকে আনা বীজ দিয়ে কুশ চাষ এবং ল্যাব পরিচালনার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন কুশ চাষের কৌশল শেখা তৌসিফ দেশে ফিরে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে এই ল্যাব পরিচালনা করতেন এবং তার এক বান্ধবী এতে সহায়তা করতেন। ওই সময় ইয়াবা পাচারের ঘটনায় তার বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ক গ্রেপ্তার হলেও তৌসিফ পলাতক ছিলেন।

দীর্ঘদিন ধরে খোঁজার পর অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হয় এবং ডোপ টেস্টে তার শরীরে মেথামফিটামিন ও ক্যানাবিনয়েড উভয়ের উপস্থিতি পজিটিভ পাওয়া যায়। অভিযানকালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাজা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে কুশ ও ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওয়ারীর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পূর্বের কুশ ল্যাব মামলার সঙ্গেও তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।