কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে

কক্সবাজারের উখিয়ার ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে গেছে। গত ২৭ অক্টোবর এক হাজার ফুট গভীরতায় খননকালে এ ঘটনা ঘটে। আগুনের প্রবাহ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের পরামর্শে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দেওয়া হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) থেকে দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কক্সবাজারে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন ছড়িয়ে পড়া রোধে গ্যাস উন্মুক্তভাবে নির্গমনের সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণ ও গ্যাসের প্রবাহ বন্ধের কার্যক্রম নেওয়া হবে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ছাড়া ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ, দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে। এ বিষয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।