লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বললেও ১৩ দিন ধরে তিনি তা ফেরত দেননি।
রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিল হোসেনের কাছে যান। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি ফেরত দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হলে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।
এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।