শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া বন্ধ করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয়ে জানতে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সঙ্গে যোগাযোগ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসা-সংক্রান্ত কোনো নির্দেশনা, তথ্য বা সহায়তা দেওয়ার অনুমোদন এখন আর দূতাবাসের নেই। এ কারণে আবেদনকারী ও স্পন্সরদের ভিসা-সংক্রান্ত সব ধরনের প্রশ্ন ও যোগাযোগের জন্য সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় লিংকও দূতাবাসের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ না করার পাশাপাশি এ-সংক্রান্ত আবেদনকারীদের ব্যক্তিগত মামলার বিষয়, আমন্ত্রণপত্র ও আপিলের বিষয়েও তারা আর কোনো সহায়তা দিতে পারবে না। এ বিষয়ে সুইডিশ মাইগ্রেশন এজেন্সিই হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আবেদনকারী ও স্পন্সরদের সহযোগিতা কামনা করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। তবে কবে থেকে এ পরিবর্তন কার্যকর হয়েছে বা বাংলাদেশে শেনজেন ভিসা আবেদনের বিকল্প প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।