অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাহিদ বলেন, ‘অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে আবারও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।’

দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘দফায় দফায় মূল্যবৃদ্ধি করা হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। অথচ পার্শ্ববর্তী দেশগুলোয় এখনও বাংলাদেশের অর্ধেক দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকার নির্ধারিত দামে দেশের কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না। এতদিন নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি হয়েছে।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। সরকারের অযোগ্যতায় গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ১৮ কোটি মানুষ।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমি গ্যাস সিলিন্ডারের এই অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।’

এর আগে সোমবার সন্ধ্যায় এলপিজির দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন এ আদেশ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।