সরকার ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এলপিজির দাম যেভাবে বাড়ছে, তাতে জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি!
সোমবার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার সন্ধ্যায় এলপিজির দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই আদেশ সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে বলে জানায় বিইআরসি।